
নিজস্ব প্রতিবেদকঃ রংপুরের জনগণের ভালোবাসার জন্যই আমরা রাজনীতি করছি এবং রংপুরের মানুষের ঋণ শোধ করতেই সামনের দিকে রাজনীতি করে যাব—এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জিএম কাদের।
তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে বিভিন্ন সময় অপপ্রচার চালানো হয়েছে। এমনকি এরশাদ সাহেবের সময়ও নানা ষড়যন্ত্র হয়েছিল। কিন্তু রংপুরের মানুষের ভালোবাসায় তাঁকে কোনোদিন ধ্বংস করা যায়নি। রংপুরের জনগণ বুক দিয়ে আগলে রেখেছে। এখন আমাদের বিরুদ্ধেও অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে। সবাইকে সজাগ থাকতে হবে এবং এসব ষড়যন্ত্র ও অপপ্রচার প্রতিহত করতে হবে।”
রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের বিভিন্ন এলাকা ও নগরীর বিভিন্ন স্থানে লাঙ্গল মার্কার নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় জিএম কাদের রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের মাটিয়াপাড়া হাট, মাটিয়াপাড়া বটের তলা, যাদবপুর বাবুর হাট, শ্যামপুরবন্দ এবং নগরীর গোলাগঞ্জ বাজারে নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেন।
গণসংযোগকালে তিনি লাঙ্গল মার্কায় ভোট প্রার্থনা করেন, সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন ও খোঁজখবর নেন।
এ সময় তার সঙ্গে গণসংযোগে অংশ নেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর জেলা সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সহ-সভাপতি মো. হাসানুজ্জামান নাজিম, রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. মাসুদ নবী মুন্না, যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন লিটন, সদস্য সচিব মো. মাসুদার রহমান মিলনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগ ও প্রচার মিছিলে দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে সংশ্লিষ্ট এলাকাগুলো।
Leave a Reply