
নিজস্ব প্রতিবেদকঃ রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৯ নম্বর নোহালী ইউনিয়নের কচুয়া নোহালী এলাকায় কর্মহীন ও দুস্থ ৩০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে রংপুর জেলা পরিষদ।
জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে আয়োজিত এ খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন-অর-রশীদ, গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. জেসমিন আক্তার, রংপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোক্তাল হোসেন, উপসহকারী প্রকৌশলী রেদওয়ান হোসেন, রংপুর-১ সংসদীয় আসনে সাবেক বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন, গংগাচড়া উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সাধারণ সম্পাদক আইয়ুব আলীসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।
খাদ্য সহায়তা পেয়ে কর্মহীন ও দুস্থ পরিবারের সদস্যরা জেলা পরিষদের এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, সংকটের সময়ে এ ধরনের সহায়তা তাদের পরিবারে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।
জেলা পরিষদ কর্তৃপক্ষ জানায়, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।
Leave a Reply